হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় রইছ আলী (৫০) নামে এক টমটমচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার অলিপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের স্কয়ার কোম্পানির গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রইছ আলী শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের আবু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অলিপুর এলাকায় সিলেটগামী একটি পিকআপভ্যান সামনে থাকা টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। টমটমটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই টমটমচালক রইছ আলীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা রইছ আলীর নিহতের তথ্য নিশ্চিত করেন।