ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুচিবাড়ির কোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গফুরকে গ্রেপ্তারের সময় মুচিবাড়ির কোনা বাজারে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ রয়েছে। পরে ধাওয়া করে পাশের একটি সুপারি বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তজুমদ্দিন থানার ওসি মিজানুর রহমান বলেন, বাবুল নামে এক ব্যক্তিকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার মামলায় গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুল গফুরকে দলীয় সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।