দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এদিকে, সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে কুষ্টিয়ার কুমারখালী ও সাতক্ষীরায় ৫৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
এ ছাড়া রাজশাহীতে ৪৫, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪৩, নীলফামারীর রাজারহাট ও মানিকগঞ্জের আরিচায় ২৬ এবং রংপুরে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের বেশিরভাগ অঞ্চলে কমবেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।