রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়ে বিরোধীদল কী অর্জন করতে চায়—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা কি সবাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী যে তাদের রেমিট্যান্স বন্ধের ডাক দেওয়া হচ্ছে? একই সঙ্গে রেমিট্যান্স শাটডাউনের এই হুমকির পেছনে কোনো গুপ্ত পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে কমল কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, রেমিট্যান্স শুধু সরকারকে সহায়তা করার জন্য পাঠানো হয় না; প্রবাসীরা তাঁদের পরিবারের সদস্যদের জন্যও অর্থ পাঠান। দেশের অর্থনীতির চালিকাশক্তি যারা বন্ধ করতে চায়, তারা কখনোই দেশের স্বার্থে রাজনীতি করেনি।
বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে রিজভী বলেন, বিমানবন্দরে কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা অব্যবস্থাপনা হলে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো যেতে পারে। তবে কোনো কর্মকর্তার গায়ে হাত দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অবসরপ্রাপ্ত মেজর আখতারের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপিতে থাকাকালীনও তিনি কোনো শৃঙ্খলার মধ্যে ছিলেন না। তিনি এমন কোনো কাজ করলে জামায়াত নিজেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বিডি-প্রতিদিন/শআ