দেশ ও বিদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং ওষুধশিল্পের প্রসারে নিবন্ধিত ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে শিক্ষার্থীদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলা ও শরীরচর্চার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) আয়োজিত ফার্মেসি উৎসব ‘ফার্মানেক্সট ৩.০’-এর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এনইউবিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন ইভেন্ট কো-অর্ডিনেটর তারেক রহমান। দিনব্যাপী এই আয়োজনে সায়েন্টিফিক সেগমেন্ট, ফার্মা কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, ফার্মাসিউটিক্যাল অলিম্পিয়াড এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশনের (এনডিএফ) সার্বিক সহযোগিতায় জাতীয় ফার্মা ডিবেট বা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় দেশের মোট ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ‘ফার্মানেক্সট ৩.০’-এর চেয়ারপারসন ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিইও সৈয়দ আলমগীর এবং ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।