চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরের সমস্ত মালামাল ও আসবাব পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার পৌর সদরের আমিরাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে শর্টসার্কিট সার্কিট থেকে দিদারুল আলমের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন তাঁর ভাই ফসিউল আলম, জাবল হোসেন, আনিসুল হক ও তাঁর ভাতিজা তুহিনের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, দিদারুল আলম ও তাঁর চার ভাইয়ের ছেলেমেয়েরা এ বসতঘরে বসবাস করত। আগুনে তাঁরা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেনি। ক্ষতিগ্রস্ত দিদারুল আলম জানান, আগুনে তাঁদের পাঁচ পরিবারের মূল্যবান সব আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। সেই সঙ্গে পাঁচটি বসতঘরের ১৪টি কক্ষ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে তাঁদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আহাম্মেদ হোসাইন বলেন, ‘শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ও ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।