ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে তিনটি মাছধরা ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে।  বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নিঝুমদ্বীপের কাছাকাছি সাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার সময় ট্রলার তিনটিতে থাকা মোট ৫০ জেলেকে আশপাশের মাছধরা ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনায় দুটি ট্রলার সাগরে তলিয়ে গেছে এবং অপর একটি ট্রলার এখনো পানিতে ভাসছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার তিনটি মাছধরা ট্রলার হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির, জহির ও জাহেদ মাঝির। বুধবার সকালে ট্রলারগুলো বঙ্গোপসাগরের নিঝুমদ্বীপসংলগ্ন এলাকায় মাছ ধরছিল। এ সময় বৈরী আবহাওয়ার কারণে সাগর ক্রমেই উত্তাল হয়ে ওঠে। তীব্র বাতাস ও বড় বড় ঢেউয়ের মধ্যে ট্রলারগুলো নিয়ন্ত্রণে রাখতে গিয়ে জেলেরা বিপাকে পড়েন। জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরেই বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বুধবার সকালে বাতাসের গতি ও ঢেউয়ের তীব্রতা হঠাৎ বেড়ে গেলে সাগরে মাছ ধরতে থাকা বেশ কয়েকটি ট্রলার ঝুঁকির মধ্যে পড়ে। এর মধ্যে নিঝুমদ্বীপের কাছাকাছি এলাকায় নাসির, জহির ও জাহেদ মাঝির তিনটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। তিনি জানান, উত্তাল সাগরে ট্রলারগুলো বিপদের মধ্যে পড়লে সেগুলোতে থাকা মাঝি-মাল্লারা সহায়তার জন্য আশপাশের মাছধরা ট্রলারগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। পরে কাছাকাছি থাকা অন্য ট্রলারগুলো দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তাদের সহযোগিতায় তিনটি ট্রলারে থাকা ৫০ জেলেকে নিরাপদে উদ্ধার করে তীরে নেওয়া সম্ভব হয়। এতে কোনো জেলে হতাহত হননি। আরও পড়ুনআরও পড়ুনদীর্ঘদিন বন্ধ থাকার পর উন্মুক্ত হলো বান্দরবানের চার পর্যটন কেন্দ্র নিশান চৌধুরী আরও জানান, দুর্ঘটনার পর জহির ও জাহেদ মাঝির ট্রলার দুটি সম্পূর্ণভাবে সাগরে তলিয়ে যায়। অপরদিকে নাসির মাঝির ট্রলারটি এখনো পানিতে ভাসমান রয়েছে। সেটি উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছে। তবে উত্তাল সাগরের কারণে উদ্ধার কার্যক্রমও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জেলেদের ভাষ্য, সাগরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাছধরা ট্রলারগুলোকে গভীর সাগরে না যাওয়ার পাশাপাশি নিরাপদ স্থানে অবস্থান করা প্রয়োজন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ও সতর্ক সংকেত সম্পর্কে জেলেদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। স্থানীয়দের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় থাকা সব জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি