সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে ‘সবুজ বাংলাদেশ’প্রকল্পের আওতায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এনরুট ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে আজ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম। কর্মসূচির আওতায় সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার চারা রোপণ করা হবে। এসব চারা দ্বীপের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি মাননীয় প্রতিমন্ত্রী সেন্টমার্টিনে আয়োজিত ‘PLASTIC FREE BEACH CAMPAIGN’-এ অংশগ্রহণ করেন। এ সময় দ্বীপের পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তিনি আরো বলেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য রক্ষায় চলমান সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই সবুজায়নে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।