মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। এই তরুণদের শিক্ষিত ও দক্ষ করতে পারলে তারা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সম্পদ হবে। বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকি'তে সেভ দ্য চিলড্রেন -এর আয়োজনে ২ দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। যা শুধু একটি ধারণাতেই সীমাবদ্ধ থাকবে না, এটা আমরা প্রতিষ্ঠা করতে চাই, এজন্য সমাজের সকল মানুষের অংশগ্রহণ দরকার। জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে মন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং সবাইকে উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে, যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সামর্থ্য নেই তাদের সিড মানি দেওয়া হচ্ছে। এছাড়াও, সরকার তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার জন্য বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড রেখেছে। আরও পড়ুনআরও পড়ুনভারত থেকে আসছে ১৯ রেল কোচ অনুষ্ঠানের আলোচকরা বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিং বৃদ্ধিতে সবাইকে উৎসাহিত করেন। তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী ও পরিবর্তনে নেতৃত্বদানকারী হিসেবে ভূমিকা পালনেরও আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন-এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা-সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।