কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় পানিতে ডুবে ইয়াছিন আরাফাত (২০) নামের এক তরুণ মারা গেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ইয়াছিন আরাফাত কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকার পাড়ার আলী হোসেনের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সৈকতে দায়িত্বরত সী-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো. ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সুগন্ধা পয়েন্ট এলাকায় ফুটবল খেলতে আসেন ইয়াছিন আরাফাত। খেলা শেষে তিনি গোসল করতে সমুদ্রে নামেন। এ সময় তাঁকে ডুবে যেতে দেখে দায়িত্বরত লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াছিন আরাফাতকে মৃত ঘোষণা করেন। প্যারাসেইলিং কোম্পানির মালিক গ্রেপ্তার এদিকে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. ফরিদ প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্লাই সি এয়ারের স্বত্বাধিকারী। গত শনিবার প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে মারা যান খুলনার পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১)। র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (গণমাধ্যম ও আইন) আ ম ফারুক বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৫ ও র্যাব-৪-এর যৌথ দল মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেটে অভিযান চালিয়ে ফরিদকে গ্রেপ্তার করে। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।