ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জে অন্তর্ভুক্তির প্রস্তাবে ফুঁসে উঠলেন এলাকাবাসী

প্রশাসনিক মানচিত্রে সম্ভাব্য এক নতুন রেখা ঘিরে উত্তাল হয়ে উঠেছে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন। কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে তেঁতুলঝোড়া ইউনিয়নকে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরপরই এলাকাবাসী রাস্তায় নেমে আসেন। হাজারও মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। তাদের একটাই বার্তা তেঁতুলঝোড়া সাভারের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। জনমত উপেক্ষা করে প্রশাসনিক সীমানা পরিবর্তন মানি না। শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। পরে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তেঁতুলঝোড়া ইউনিয়নের রুমিজুল ইসলাম রাজা, মোহাম্মদ শাহিনসহ বক্তারা বলেন, জনগণের মতামত ছাড়া প্রশাসনিক মানচিত্র পরিবর্তনের যেকোনো উদ্যোগ শুধু একটি ইউনিয়নের সীমানা বদলের বিষয় নয়; এটি লাখো মানুষের নাগরিক অধিকার, প্রশাসনিক সুবিধা ও সামাজিক পরিচয়ের প্রশ্ন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তেঁতুলঝোড়া দীর্ঘদিন ধরে সাভারের প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করা হলে ভূমি অফিস, আদালত, নির্বাচন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ধরনের সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষকে নতুন করে ভোগান্তির মুখোমুখি হতে হবে। অথচ এত গুরুত্বপূর্ণ বিষয়ে এখন পর্যন্ত জনগণের সঙ্গে কোনো গণশুনানি বা উন্মুক্ত মতবিনিময় হয়নি। বক্তারা আরও বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের মতো সংবেদনশীল বিষয়ে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত না করে সিদ্ধান্ত নেওয়া হলে তা জন-অসন্তোষ আরও বাড়াবে। তারা দ্রুত সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা এবং সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিক অবস্থান জানানোর দাবি জানান। সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জনমত উপেক্ষা করে তেঁতুলঝোড়া ইউনিয়নের সীমানা কেরানীগঞ্জে অন্তর্ভুক্ত করার উদ্যোগ এগিয়ে নেওয়া হলে আরও বৃহত্তর শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে বিষয়টি নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। তবে সম্ভাব্য প্রশাসনিক পুনর্বিন্যাসের আলোচনা ঘিরে সাভারজুড়ে উদ্বেগ, কৌতূহল ও রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র হয়ে উঠেছে।

তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জে অন্তর্ভুক্তির প্রস্তাবে ফুঁসে উঠলেন এলাকাবাসী