চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নাঈম উদ্দিন, অধ্যাপক আবু দাউদ লুৎফুজ্জমান খানসহ কলেজের অন্যান্য শিক্ষক ও অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, অটোপাসের অধ্যায় শুরু করার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে আলোর পথে রাখতে মাদকসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে। এ জন্য অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পটিয়া সরকারি কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য এনামুল হক এনাম। একই সঙ্গে কলেজে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।