চট্টগ্রামের চন্দনাইশে চলতি বছরের গত ৯ মাসে হত্যা, আত্মহত্যা, ডাকাতি, চুরি, অপহরণ, ধর্ষণ, ছিনতাই ও সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। এ সময়ে ১২ জনের মৃত্যুর ঘটনা, ৭টি ডাকাতি ও অন্তত ১৩টি চুরির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন ঘটনার তথ্য থেকে জানা গেছে। পাশাপাশি আরও অন্তত ২৪টির অধিক গুরুতর অঘটন ঘটেছে। এসব ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চন্দনাইশবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে এলাকার চিহ্নিত অনেক অপরাধীকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলে এতে হতাশা প্রকাশ করেছেন তারা।
জানা যায়, ৪ অক্টোবর রাতে সাংবাদিক শাহাদাত হোসেনের বাড়িতে পেছনের দরজা ভেঙে টিউবওয়েলের মাথা, আইরন ও প্রয়োজনীয় দামি জিনিসপত্রসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
২৯ সেপ্টেম্বর রাতে হাশিমপুর মখলেছুর রহমান-আলতাজ খাতুন উচ্চ বিদ্যালয় ও চন্দনাইশ উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত শিশু নিকেতনে পৃথক চুরির ঘটনা ঘটে।
২২ সেপ্টেম্বর রাতে কালিরহাট এলাকায় টিংকু ধরের ভাড়া বাসা থেকে শিক্ষক রাজন আচার্যের ৮ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকাসহ ২২ লাখ টাকার বেশি মালামাল চুরি হয়।
১২ সেপ্টেম্বর রাতে দোহাজারী পৌরসভার হাছনদণ্ডীতে পরকীয়ার অভিযোগের জেরে স্বামী জাহেদুল ইসলামের মারধরে দুই সন্তানের জননী মিনহাজ আকতার (২৪) নিহত হন। একই দিনে দক্ষিণ হাশিমপুর বিজয়রাম বিহারে এক বৌদ্ধ ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুটের ঘটনা ঘটে।
১১ সেপ্টেম্বর সাতবাড়িয়া ছলিয়ারপাড়া এলাকায় একাধিক চুরির ঘটনায় মো. ইমরানকে স্থানীয়রা আটক করে মারধর করে চুরি না করার অঙ্গীকার করান বলে জানা গেছে।
১০ সেপ্টেম্বর রাতে পশ্চিম বাইনজুরীতে স্বামী নুরুল হক ওরফে জাকির হোসেনের আঘাতে স্ত্রী রুনা আকতার (২৯) নিহত হন।
৩১ আগস্ট দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় আহমদ হোসেন মেম্বারের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদীনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়িতে প্রবেশ করে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
২৯ আগস্ট বৈলতলী জামতলা এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
২৪ আগস্ট দক্ষিণ গাছবাড়িয়া নতুনপাড়ার আবুল খায়েরের বাড়িতে প্রশাসনের লোক পরিচয়ে ডাকাতি করে ২৩ লাখ টাকার বেশি মালামাল লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।
১৯ আগস্ট দোহাজারী সদরে কোদালের আঘাতে স্ত্রী নূর বাহা (২৩) নিহত হন।
১৬ আগস্ট রাতে পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া আবু তালেব মুন্সিবাড়িতে মাইক্রোচালক সামশুল ইসলামের ঘরে ডাকাতি করে ২৭ লাখ টাকার বেশি মালামাল লুটের অভিযোগ পাওয়া যায়।
১৫ আগস্ট বৈলতলী এলাকায় প্রবাসী বেলাল হোসেনের বাড়িতে ডিবি পরিচয়ে ডাকাতি করে ২০ লাখ টাকার বেশি মালামাল নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
২৮ জুলাই দোহাজারী জামিজুরিতে ৫০ টাকার বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহেদুল ইসলাম (২২) গুরুতর আহত হন। ধোপাছড়ি গোলপাহাড় এলাকায় সবজি ব্যবসায়ী হারুনকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটে।
২৭ জুলাই সাতবাড়িয়া নগরপাড়ায় নিজ শয়নকক্ষ থেকে প্রবাসী আবদুর রহমানের (৬৫) গলিত লাশ উদ্ধার করা হয়।
২৩ জুলাই সৈয়দাবাদে মোস্তাফিজ মিয়ার গোয়ালঘরে আগুন দেওয়ার ঘটনায় একটি গরু মারা যায় এবং পাঁচটি গরু অগ্নিদগ্ধ হয়।
১৯ জুলাই উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটে।
১৮ জুলাই কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ থেকে ল্যাপটপ, প্রিন্টার ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। একই দিনে ফতেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটে।
২৫ জুন একই এলাকা থেকে শ্রমিক নুরুল আমিন (৩৬) ও আরিফুল ইসলাম (২৫)-কে অপহরণ করে ৪৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
২২ জুন কাঞ্চনাবাদে মায়ের বকুনির পর প্রবাসী জসিম উদ্দিনের ছেলে জিসান উদ্দিন (২০) বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
১৫ জুন বৈলতলীতে এক প্রতিবন্ধী শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় ফেরদৌস রহমান (৩৭) আটক হন।
৮ জুন কাঞ্চননগর পাহাড়ের নিমজিরি এলাকা থেকে বাগানশ্রমিক শাহজাহান (৪০) ও আজগর (৪১)-কে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।
২৮ মে গাছবাড়িয়া এলাকা থেকে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে কাঞ্চননগর পাহাড়ি এলাকায় নিয়ে তিন যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।
২০ মে বরমা মাইগাতা এলাকা থেকে ১০ কেভি ক্ষমতার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। একই দিনে চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চমবারের মতো চুরির ঘটনা ঘটে।
৫ মে বণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ল্যাপটপ, প্রজেক্টর, আইপিএস, সাউন্ড সিস্টেম, কম্পিউটার ও সিসি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি হয়।
৫ এপ্রিল বৈলতলী এলাকায় মাটি কাটার দুই পক্ষের মধ্যে বৈঠক শেষে থানার সামনে সংঘর্ষে বিএনপি নেতা আনিছুর রহমান চৌধুরী গুরুতর আহত হন।
৪ এপ্রিল হাশিমপুর মাস্টারবাড়িতে ডিবি পরিচয়ে ডাকাতদল স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ২০ লাখ টাকার বেশি মালামাল লুট করে।
১৪ মার্চ দোহাজারী দিয়াকুলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজমিস্ত্রি মো. সোহেল (৩৮) নিহত হন।
২৮ ফেব্রুয়ারি ভোররাতে গরু চোরের গুলিতে চন্দনাইশ পৌরসভার জোয়ারা হিন্দুপাড়ার চন্দন দাশ (৭০) নিহত হন। একই দিন চন্দনাইশ সদর হাজিরপাড়ায় দুই সন্তানের জননী আয়েশা ছিদ্দিকা মুক্তার (২২)-এর লাশ লাকড়ির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
২২ ফেব্রুয়ারি দোহাজারী হাতিয়াখোলা এলাকায় স্ত্রীর অপমান সহ্য করতে না পেরে সৈয়দ নূর (৪৫) আত্মহত্যা করেন।
১৫ ফেব্রুয়ারি জামিজুরিতে ১২ দিনের নবজাতক শিশুকে বিক্রি করতে না দেওয়ায় চার সন্তানের জননী সালমা আকতারকে তার স্বামী নুরুল হুদা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে এর আগে আরও দুই সন্তানকে নেশার টাকা জোগাড় করতে বিক্রি করে দেওয়ার অভিযোগও পাওয়া যায়।
৬ জানুয়ারি দোহাজারী চাগাচরে সিরাজুল ইসলামের মেয়ে তাসলিম আকতার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
উল্লেখ্য, বর্তমান চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার চলতি বছরের ৫ মে যোগদান করেন। এর আগে তিনি ২০১৮ সালের ২১ আগস্ট থেকে ২০১৯ সালের ২০ জানুয়ারি পর্যন্ত চন্দনাইশ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালে পার্শ্ববর্তী আনোয়ারা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে স্থানীয় সূত্র ও পুলিশের বিভিন্ন সময়ের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় মামলা, তদন্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে। তবে ৯ মাসে ধারাবাহিকভাবে সংঘটিত এসব ঘটনা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
তাদের সন্দেহের কারণ হিসেবে জানান, ওসি বান্দরবানের বাসিন্দা হলেও নিজ জেলার বাইরে পোস্টিং নিয়েছেন। তবে তাঁর জন্মস্থান চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের আওতাধীন পুরানগড়ে এবং সেখানে তাঁর পৈতৃক বাড়ি থাকায় স্থানীয়রা তাঁকে এলাকারই মানুষ হিসেবে মূল্যায়ন করছেন। এ কারণে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথভাবে আইন প্রয়োগ করতে পারছেন না—এমন আশঙ্কা থেকেই তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানান তারা।