যুবককে অপহরণ করে নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদসহ (২৩) সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত মো. রফিকুল ইসলামকে (৩০) উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাত থেকে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পর্যন্ত ১নং ওয়ার্ডস্থ সিআইখোলা মোড় এলাকার একটি কাপডের দোকানে অপহৃতকে আটকে রাখা হয়েছিল।
ছাত্রদল নেতা জিহাদ ছাড়া অন্য গ্রেফতারকৃতরা হলেন- মো. আল-আমিন (২৩), মো. গোলাম কিবরিয়া (২১), মো. জাহাঙ্গীর (২২), মো. রবিউল (২৩), মো. আরমান (২২), মো. রমজান (২৩।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিআইখোলা এলাকার নুরুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক ভুক্তভোগী মো. রফিকুল ইসলামকে কৌশলে ডেকে নিয়ে যান ছাত্রদল নেতাসহ তার সহযোগীরা। একপর্যায়ে ভুক্তভোগীকে একটি কাপড়ের দোকানে জোরপূর্বক ঢুকিয়ে ভেতরে আটকে রেখে নির্যাতন চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত অর্থ জোগাতে ব্যর্থ হওয়া অসহায় পরিবারটির কাছে শেষমেশ ৪০ হাজার টাকার বিনিময়ে প্রাণভিক্ষা দেওয়ার কথা জানান অপরাধীরা।
একপর্যায়ে মুক্তিপণ না পেয়ে আসামিরা ভুক্তভোগীকে ডাকাত হিসেবে আখ্যায়িত করার পরিকল্পনা নিয়ে সিআইখোলা মোড়ের সামনে তাদের কাছে থাকা কয়েকটি ধারাল অস্ত্র দিয়ে সজ্জিত করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পুনরায় নির্যাতন চালায়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, অপহরণ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিরা যে দলেরই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ না। আমরা এই গ্রুপের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছি। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।