চট্টগ্রামের কর্ণফুলীতে ৩৩ হাজার ভোল্টের (হাইভোল্টেজ) বিদ্যুৎ লাইন স্থাপনকে কেন্দ্র করে স্থানীয়দের অভিযোগ ও বিভিন্ন বক্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স আলী ওয়ার্কশপের মালিক মোহাম্মদ আরমান।
সোমবার (২৩ আগস্ট) কর্ণফুলীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরমান বলেন, তার ওয়ার্কশপের প্রয়োজনেই উচ্চক্ষমতার বিদ্যুৎ সংযোগ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তিনি দাবি করেন, প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থান পরিদর্শন করেছেন। তাদের মতামত ও কারিগরি বিষয় বিবেচনা করেই সংযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
আরমান আরও বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণভাবে হাইভোল্টেজ লাইন স্থাপনের যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। নিয়ম-কানুন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মেনেই "ফোর টুয়েন্টি" বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করছি।’
এর আগে শুক্রবার (২১ আগস্ট) চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী ইসলাম আহমদের বাড়ি মহল্লার বাসিন্দারা ঘনবসতিপূর্ণ এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেন। সেখানে স্থানীয়রা সম্ভাব্য দুর্ঘটনা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধনে স্থানীয়দের অভিযোগ ছিল, মেসার্স আলী ওয়ার্কশপের জন্য ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার ওপর দিয়ে উচ্চক্ষমতার বিদ্যুৎ লাইন নেওয়া হলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে। তবে আরমানের দাবি, বিষয়টি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন জানিয়েছিলেন, বিদ্যুৎ বিভাগ এসে স্থানটি পরিদর্শন করেছেন। সংযোগটি এলাকার জন্য ঝুঁকিপূর্ণ কি না, তা বিদ্যুৎ বিভাগ যাচাই করে সিদ্ধান্ত নেবে।
সংবাদ সম্মেলনে আরমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হাইভোল্টেজ লাইন নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার দাবি জানান তিনি।