চট্টগ্রামের পটিয়া উপজেলার আমজুরহাট থেকে আশিয়া বাংলাবাজার পর্যন্ত জঙ্গলখাইন রোডের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা। বিশেষ করে আমজুরহাট থেকে জঙ্গলখাইন সড়কের বিভিন্ন অংশে পানি জমে রাস্তার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে সারি সারি ভবন ও স্থাপনা গড়ে উঠলেও বৃষ্টির পানি বা জমে থাকা পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত কোনো ড্রেনেজ বা পানি চলাচলের ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই পানি সড়কের ওপর জমে থাকে। দীর্ঘ সময় পানি জমে থাকায় সড়কের বিভিন্ন অংশে পিচ ও মাটি ক্ষয়ে গিয়ে তৈরি হচ্ছে খানাখন্দ।
সরেজমিনে দেখা যায়, সড়কের বেশ কিছু অংশে জমে থাকা পানির কারণে রাস্তার মূল অংশ ও পাশের মাটি নরম হয়ে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জমে থাকা পানির কারণে পথচারীদের স্বাভাবিক চলাচলে যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে ঝুঁকি।
স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একই সমস্যা বারবার দেখা দিচ্ছে। শুধু রাস্তা সংস্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; সড়কের দুই পাশে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তাদের দাবি, আমজুরহাট থেকে জঙ্গলখাইন হয়ে আশিয়া বাংলাবাজার পর্যন্ত সড়কটির জলাবদ্ধতা ও বেহাল দশা দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সড়কের দুই পাশে পানি চলাচলের ব্যবস্থা করে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পানি জমে সড়কটির ক্ষয় আরও বাড়তে পারে এবং জনসাধারণের দুর্ভোগও আরও চরম আকার ধারণ করতে পারে।