চট্টগ্রামের পটিয়ায় আন্তঃনগর ট্রেনের সঙ্গে কাভার ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি আন্তঃনগর ট্রেন মল্লাপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে একটি কাভার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনটি কাভার ভ্যানটিকে ধাক্কা দিয়ে টেনে আনসার ক্যাম্পের সামনে পর্যন্ত নিয়ে যায়।
তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা।
এদিকে, দুর্ঘটনায় কাভার ভ্যানটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সংঘর্ষের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।