চট্টগ্রামের পটিয়া পৌরসভায় এক স্কুলছাত্রীকে অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টার সময় এক নারীসহ দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। শিশুটির চিৎকারে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন পটিয়ার কচুয়াই ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. ফারুক (৪২) এবং কক্সবাজারের কুতুপালং এলাকার জামাল হোসেনের মেয়ে শাহাজাহান বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাগজীপাড়া এলাকার আশরাফ আলী একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) ক্লাস শেষে বাড়ি ফিরছিল।
এ সময় অভিযুক্ত রিকশাচালক ও ওই নারী তাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে অটোরিকশায় তুলে নেন।
তবে বাড়ির সামনে পৌঁছানোর পরও অটোরিকশাটি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ওই দুজনকে আটক করেন।
এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দা ও পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন জানান, এলাকাবাসী এগিয়ে না এলে শিশুটিকে তারা অপহরণ করে নিয়ে যেত। অভিযুক্তদের আইনের হাতে সোপর্দ করে তিনি প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।
শিশুটির বাবা প্রবাসী শাহনেওয়াজ মামুন জানান, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর ইকরা বাড়ি ফিরছিল। অটোরিকশাটি ইচ্ছাকৃতভাবেই তাকে তুলে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।