বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দপদপিয়া ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীগামী একটি বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তবে তার বয়স আনুমানিক ২৫ বছর।
আহত অন্য ব্যক্তিরা হলেন— ইয়াসিন আরাফাত (শিক্ষার্থী, বাংলা বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ, বরিশাল বিশ্ববিদ্যালয়), আসাদুল (৪৫, মাহিন্দ্রাচালক, বাকেরগঞ্জ), মামুন রেজা (৩৮, বেতাগী) ও অজ্ঞাতনামা যুবক (২৩)।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেয়ার প্রস্তুতি শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম জানান, ‘সর্বশেষ তথ্যমতে দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।’